জামিনে বেরিয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের পেটালেন যুবলীগ নেতা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনে বেরিয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের পেটালেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জামিনে বের হয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবলীগ নেতা নাজমুল হাসান ও তার ক্যাডার বাহিনী বিএনপি নেতাকর্মীদের দিনভর নির্যাতন করেছে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মোচাঘড়া গ্রামের যুবদল কর্মী সবুর খানের ছেলে হৃদয় হাসান, শোলাপুকুরিয়া গ্রামের শ্রমিক দলের কর্মী আব্দুল জলিলের ছেলে এনামুল হক ও হোমনার আব্দুল্লাহকে তাদের কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় নাজমুল হাসান, রাসেল ও শরীফ নেতৃত্বাধীন যুবলীগ ক্যাডার বাহিনী।

নাজমুলের নেতৃত্বে আহতদের টর্চার সেলে নিয়ে রড ও হকিস্টিক দিয়ে পিটুনি দেওয়া হয়, ব্লেড দিয়ে শরীরে স্পর্শকাতর জায়গায় জখম করা হয় এবং প্লাস দিয়ে হাত ও পায়ের নখ উপড়ে ফেলা হয়। আক্রান্তদের জনপ্রতি ৫০ হাজার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহতদের মধ্যে একজন এনামুলকে বন্ধুর দোকানে টাকা দিতে নিয়ে যাওয়ার সময় তার রক্তাক্ত অবস্থা দেখে স্থানীয়রা যুবলীগ নাজমুল বাহিনীর ধাওয়া দেয়। আহতরা পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, এনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন অভিযোগ করেছেন, “পুলিশ বিএনপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর সন্ত্রাসীরা মুরাদনগরে অবাধে সন্ত্রাস চালাচ্ছে। নাজমুল ও তার বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, “আওয়ামী লীগের আমলে নাজমুল ও তার ক্যাডার বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাত। এখনো তারা সন্ত্রাস চালাচ্ছে। মুরাদনগর সদরের মতো জায়গায় এই পৈশাচিক কর্মকাণ্ড প্রমাণ করে আইনশৃঙ্খলার অবনতি।”

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, নাজমুলকে দুইবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন, তবে এখনো কেউ মামলা করেনি।

উল্লেখ্য, নাজমুলের বিরুদ্ধে পূর্বেও মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইনের বাড়িতে হামলার, চুরি, ছিনতাই, মাদকসহ দশটির বেশি মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ