জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে গ্রেফতারের পর রাতেই জামিন দেয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

ডিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে।

সালেহ উদ্দিন স্বাক্ষরিত মঞ্জুর জিম্মানামায় বলা হয়, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে বিজ্ঞ আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো।

এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করবো।’

এর আগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেছিলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ ছাড়াও একজন ব্যবসায়ী ও সাংবাদিক। পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন মঞ্জু গত নির্বাচনে হেরে যান।

আনোয়ার হোসেন মঞ্জু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি (জেপি) গঠন করে এর চেয়ারম্যান হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ