জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

আজ বুধবার বিকেলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। এ ছাড়া সভায় আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় রাজনৈতিক বন্দি মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি পালন এবং গণঅবস্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের মুহাম্মদ রাশেদ খান, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার। আরও উপস্থিত ছিলেন জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের কবির হাসান, গণ অধিকার পরিষদের ফারুক হাসান প্রমুখ।

মঞ্চের নেতারা বলেন, সরকার বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করে জনগণের সঠিক বিচার পাওয়ার অধিকার হরণ করে একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ।

তারা বলেন, এসব মিথ্যা, বানোয়াট তথ্য ছড়িয়ে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরকে হেয় করা যাবে না। দেশের জনগণ এসব অপপ্রচারে বিশ্বাস করে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ