জালিয়াতির নির্বাচন আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাসনে পাঠিয়েছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার তো হয়েই আছে। প্রধান বিরোধী দল কে হবে?- এমন প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় পার্টি হবে? যারা নিজেদের আসন কনফার্ম করতে পারে না।
তিনি বলেন, এই নির্বাচন তথাকথিত জালিয়াতির নির্বাচন আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাসনে পাঠিয়েছে, এবার তেপান্তরে পাঠাবে। বাঁচার উপায় নাই আওয়ামী লীগের, যত কিছুই করেন না কেন জনগণের রুদ্ধ রোষানলে আপনারা টিকতে পারবেন না।
আজ বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, আগামী নির্বাচন যে হবে- এটা রেডিও টেলিভিশন বলে, মানুষ বলে না। ভোট কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, জিএম কাদেরকে জিজ্ঞেসা করেন। পুলিশ নিয়ে গিয়ে তার কার্যালয় ঘেরাও করে রাখলেন। চেয়ারম্যানের রুম তালা মেরে রাখলেন। তারপরে জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন, এই ভিক্ষা নিয়ে আমি নির্বাচন করব না। তার মানে সরকার নির্বাচনের নামে ভিক্ষা দিয়ে বেড়াচ্ছেন।
তিনি বলেন, এই প্রতারণার নির্বাচনের পরে প্রধান বিরোধী দল কে হবে। সরকার তো হয়েই আছে। প্রধান বিরোধী দল কে হবে? জাতীয় পার্টি হবে? যারা নিজেদের আসন কনফার্ম করতে পারে না। অনেক কান্নাকাটি অনুনয় বিনয় করে যে ২৬ টি দিয়েছে আবার তাদের অনেকেই বলে কাকে যে রাখে আবার কাকে বাদ দেয় বলা মুশকিল। তবে অনেকেই বলে এবার বিরোধীদল হবে স্বতন্ত্র পার্টি। পৃথিবীতে এরকম কোথাও কি হয়েছে? এই ৪২০ নির্বাচন নিয়ে বড়াই করার কিছুই নাই।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সম্প্রতি ট্রেনে আগুন লাগার ঘটনায় পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছে। মনে হয়েছে আওয়ামী লীগের প্যাডে তিনি বিবৃতি দিয়েছেন। কোন তদন্ত নাই তিনি বললেন, এই আগুন সন্ত্রাস ট্রেনে আগুন দিয়েছে বিরোধী দল। ট্রেনের আগুন লাগা বগিতে নুরুল নামের একজন ছিল তিনি বলেছেন, পোশাক পরা লোক ট্রেনে আগুন দিয়েছে। এরা কারা, এই পোশাক পেল কোথায়- এগুলোর কোন তদন্ত নাই। তাই কমিশনারের বক্তব্য থেকে বুঝা যায়, পুলিশ প্রশাসন ও সরকার এক হয়ে বিরোধী দলের আন্দোলন দমনের জন্য কাজ করছে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, প্রচন্ড নির্যাতনের মধ্যেও আমরা দাঁড়িয়ে আছি, এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে থাকবো; পারলে ঠেকায়েন। কি করবেন গ্রেফতার করবেন সাজা দিবেন, দিতে থাকেন আন্দোলন বন্ধ করতে পারবেন না। যতই নাটক করেন যত কিছুই করেন সাত জানুয়ারি আসবে, চলে যাবে আপনার সংকট শেষ হবে না। এই নির্বাচন তথাকথিত জালিয়াতির নির্বাচন আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাসনে পাঠিয়েছে, এবার তেপান্তরে পাঠাবে। বাঁচার উপায় নাই আওয়ামী লীগের যত কিছুই করেন না কেন জনগণের রুদ্ধ রোষানলে আপনারা টিকতে পারবেন না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাষা নিয়ে অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল এর সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ