জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’ হয়েছে: ফুয়াদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’ হয়েছে: ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

বরিশাল-৩ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ছিল ‘জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’।

রবিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, দুই উপজেলা থেকে পাওয়া ফলাফলের শিটে গণভোটের তুলনায় সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের সংখ্যা বেশি দেখা গেছে। তিনি দাবি করেন, গণভোটে ভোট কম এবং সাদা ব্যালট বেশি হওয়া ভোট জালিয়াতির ইঙ্গিত দেয়। বিশেষ করে এক উপজেলায় যেসব ভোটে তিনি পরাজিত হয়েছেন, সেই ব্যবধানেই জালিয়াতি হয়েছে।

ভোটের দিনের বিভিন্ন অনিয়মের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বাবুগঞ্জে ‘চর দখল’ ঠেকাতে গিয়ে মুলাদীতে নজর দেওয়া সম্ভব হয়নি। মুলাদীতে ব্যালটে সিল দেওয়ার ঘটনায় তাঁদের এজেন্টরা আতঙ্কে এলাকা ছাড়েন এবং দুই দিন পর বিষয়টি জানাতে সক্ষম হন।

ফুয়াদ দাবি করেন, তার হাজার হাজার নেতাকর্মী এলাকা ছাড়া ও পলাতক রয়েছেন। তিনি বলেন, বিএনপির একটি অংশ ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদে’ পরিণত হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দলের ভেতরের এসব প্রবণতা নিয়ন্ত্রণ না করলে রাজনৈতিকভাবে ব্যর্থতার মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, যারা দীর্ঘ সময় নির্যাতনের শিকার ছিলেন, তাদের কেউ কেউ এখন ক্ষমতার সুযোগে একই ধরনের আচরণ করছেন। ফুয়াদ দাবি করেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা রয়েছে।

নিজের বাড়িতেও লোক পাঠানো হয়েছে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ২৪-এর গণ-অভ্যুত্থানের কথা ভুলে যাবেন না। প্রশাসনের ভূমিকারও একদিন জবাবদিহি হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ