জিয়াউর রহমানকে শেখ হাসিনার স্যালুট করা উচিত: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে, একজন মানুষ হিসেবে শেখ হাসিনার প্রথম স্যালুট করা উচিত জিয়াউর রহমানকে। কারণ তিনি শেখ হাসিনাকে দেশে আসার ও পরবর্তীকালে বিরোধী দলের নেতা হওয়ার সুযোগ করে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) খুলনা জেলা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, বাংলাদেশকে বুঝলে জিয়াউর রহমানকে বুঝা খুব সহজ। এই মাটি, এই মাতৃত্ব এই লাল সবুজের রক্তের পতাকা এটাকে যদি বুঝতে পারি তাহলে জিয়াউর রহমানকে বোঝা খুব সহজ হবে। বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবাদ এটা যদি বুঝতে পারেন তাহলে জিয়াউর রহমানকে বুঝতে পারবেন।
তিনি বলেন, যারা বলে বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে প্রশ্ন করবেন ক্যান্টনমেন্ট কি সিটি কর্পোরেশনের ভাগার? ক্যান্টনমেন্ট ছাড়া তো মুক্তিযুদ্ধের সূচনা হয় নাই। ক্যান্টনমেন্ট ছাড়া এখনো দেশের সার্বভৌমত্ব সংহত না। সে ক্যান্টনমেন্টকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন কেন? এ প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারবে না।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি হচ্ছে একটি ফলবান গাছ। নেড়া গাছে কখনো কেউ ঢিল মারে না। যে গাছে ফল বেশি সেই গাছেই ঢিল বেশি। সুতরাং আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করবে জেলে ভরবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে ভরবে। দেশনেতা তারেক রহমানকে বিদেশে রাখবে আসতে দেবে না এটাই তো স্বাভাবিক। নেড়া গাছ হলে তো এসব করত না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে তো বারবার নসিহত করেন। আমাদেরকে নসিহত করার আগে নিজেদের ঘরের আগুন সামলান না কেন? নিক্সন চৌধুরী ভার্সেস কাজী জাফরুল্লাহ মারামারি এটা আগে থামান। কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর এই দুই গ্রুপের যে মারামারি এটা থামান। শাজাহান খান আর মিশন চৌধুরীর মাঝে মারামারি থামান। বাহাউদ্দিন নাসিম ও আব্দুস সুবাহান গোলাপের মাঝে যে অবস্থা এটা আগে থামান। এগুলো থামাতে পারছেন না আমাদেরকে নসিহত করেন।
এ সময় খুলনা মহানগরীর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি আমির এজাজ, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাগর প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ