জিয়া ছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা: ডা. জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৮:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৮:৪৭ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের মূল শক্তি ও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা।
একদলীয় বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্রের গোরস্থানের উপর দাঁড়িয়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সুতরাং জিয়াকে মুছে ফেলার ষড়যন্ত্র করে কোন লাভ নেই। কারণ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়া জনতার হৃদয়ে বেঁচে থাকবেন।”
তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধে যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তেমনী দেশের ক্রান্তিলগ্নে মুখ থুবড়ে পড়ে থাকা গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছেন। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও জিয়া একই সূত্রে গাথা। জিয়াউর রহমানের সুযোগ্য নেতত্ব এবং সুশাসনকে ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ জিয়ার সুযোগ্য সহধর্মিনী খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিহাস সৃষ্টি করেছেন। এই সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আপোষহীন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে। তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতারী পরোয়ানা এবং ফরমায়েসী সাজা প্রদান করছে। জাতির এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে জাতিকে রক্ষার দৃঢ় শপথ নিতে হবে।”
তিনি রবিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
জনতার আওয়াজ/আ আ