জিল্লুল হক কর্মগুণে মানুষের মনে জায়গা করে নিয়েছেন : লুনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব মরহুম জিল্লুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা স্মৃতিচারনের মধ্য দিয়ে ‘শূণ্যতায় শোকাশ্রু’ স্মারক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ৩ টায় গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ জননেতা এম.ইলিয়াস আলীর পত্মী তাহসিনা রুশদীর লুনা।
আলোচক, সহকর্মী ও স্বজনরা আবেগঘন স্মৃতিচারণে প্রকাশ করেছিলেন প্রয়াত জিল্লুল হক চেয়ারম্যান মানুষের হৃদয়ে কতটা প্রিয় ও জীবন্ত।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, জিল্লুল হক একজন আদর্শবান জনপ্রতিনিধি ছিলেন। সমাজের জন্য নিরলসভাবে কাজ করে কর্মগুণে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। একটি বই সাজানো সহজ কথা নয় যথেষ্ট মেধা ও প্রতিভার প্রয়োজন। মরহুম জিল্লুল হকের সন্তান মাহবুব আহমদ রুমনের এই স্মারক গ্রন্থটি সম্পাদনা ভূঁয়সী প্রশংসার দাবিদার। এখনকার সময়ে আমরা লেখালেখি বিমুখ। বর্তমান প্রজন্মকে লেখালেখি ও পড়াশোনাতে আগ্রহী হতে হবে। আমি আশা করি রুমনকে দেখে অনেকেই সাহিত্য চর্চায় এগিয়ে আসতে উৎসাহ পাবে। প্রাক্তন চেয়ারম্যান জিল্লুল হক তাঁর রেখে যাওয়া মহৎ কাজগুলোর মাধ্যমে বেঁচে থাকবেন পরবর্তী প্রজন্মের কাছে।
অনুষ্ঠানে বক্তাদের কথায় বরাবরই উঠে আসে মরহুম জিল্লুল হকের সততা, সাহসিকতা, মানবিকতা ও সুদূরপ্রসারী নেতৃত্বগুণের কথা।
গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদের সভাপতিত্বে এবং ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী ও কবি বোরহান উদ্দিনের যৌথ সঞ্চালনায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওত করেন মাওলানা হাফিজ সৈয়দ মো.আবু তাহের।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচক তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খসরুজ্জামান তার বক্তব্যে বলেন,মরহুম জিল্লুল হক সম্পর্কে আমি যতই জেনেছি ততই মুগ্ধ হয়েছি। তাঁর মতো নিঃস্বার্থ পরোপকারি মানুষ আমাদের সমাজে এখনকার সময়ে বিরল। মরহুম জিল্লুল হকের জীবনের বড় সফলতা মাহবুব আহমদ রুমনের মতো উত্তরসূরী রেখে গেছেন। রুমন আমার অত্যন্ত প্রিয় ছাত্র। শূণ্যতায় শোকাশ্রু স্মারক গ্রন্থ সম্পাদনা করে রুমন তার পিতার কর্মময় জীবনের স্মৃতিগুলো সজীব রাখতে যে মহতি উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানাই।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ বলেন,মরহুম জিল্লুল হক চেয়ারম্যান একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ছিলেন।সমাজসবেক,সালিশ ব্যক্তিত্বের পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনীতিবিদ।ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অবিভক্ত বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল জিলু জিল্লুল হক স্মারক গ্রন্থের প্রশংসা করে বলেন,শূণ্যতায় শোকাশ্রু নামকরণটি খুব চমৎকার হয়েছে।প্রিয় ভাতিজা মাহবুব আহমদ রুমনকে ধন্যবাদ জানাই পিতার স্মারক গ্রন্থটি সম্পাদনা করার জন্য।মরহুম জিল্লুল হক জননেতা এম.ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন।অত্যন্ত কাছ থেকে দেখেছি জননেতা ইলিয়াস আলী মরহুম জিল্লুল হককে কতটা কাছে টানতেন,মূল্যায়ন করতেন।বড় ভালো মনের মানুষের পাশাপাশি একজন ন্যায়বিচারক ছিলেন মরহুম জিল্লুল হক চেয়ারম্যান।
সম্পাদকের বক্তব্যে শূণ্যতায় শোকাশ্রুর সম্পাদক ও জিল্লুল হক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুব আহমদ রুমন বলেন,এখনকার সময়ে যারা জনপ্রতিনিধি হন তাদের সম্পদ বাড়ে আর আমার মরহুম পিতা জিল্লুল হক জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করে সমাজসেবা করে রিক্ত নিঃস্ব হয়েছেন।আমার বাবা একজন গরিব চেয়ারম্যান ছিলেন এটা আমার গর্বের।ইতালির বিলাসী জীবন ফেলে এসে মানুষের জন্য কাজ করে গিয়ে জনপ্রতিনিধি হয়ে গরিব হয়েছেন।বিনিময়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন।এই ভালোবাসা আমাদের পরম পাওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ বলেন,মরহুম জিল্লুল হক বহুগুণে গুণান্বিত একজন মানুষ।এমন প্রতিভাবান মানুষ সহচরাচর দেখা যায়না।একদিকে তিনি একজন দক্ষ জনপ্রতিনিধি,সমাজসেবক,আলোচিত ক্রীড়াবিদ অপরদিকে একজন আদর্শবান রাজনীতিবিদ ও বিজ্ঞ সালিশ বিচারক।জননেতা এম.ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে আমাদের অঞ্চলে বিএনপির রাজনীতিকে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।মরহুম জিল্লুল হক চেয়ারম্যানের কর্মময় জীবন দর্শন থেকে আমরা অনুপ্রেরণা পাই।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ময়নুল হক,সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমীন তামান্না,ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো.এহিয়া,গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক,ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ,সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মো.মনসুর,ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জিল্লুল হক স্মৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ