জীবন দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৪, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৪, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ
আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে রাজপথ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জীবন দিয়ে হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে চট্টগ্রামে সাগরিকা মোড়ে পদযাত্রার আগে এক সমাবেশে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ। তার নেতৃত্বে সাগরিকা মোড় থেকে পদযাত্রা শুরু করে পোর্ট কানেক্টিং রোড ও সরাইপাড়া মোড় হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা সবাই প্রস্তুত হন। শেষপর্যন্ত থাকতে হবে। শেষপর্যন্ত লড়তে হবে। আমরা প্রয়োজনে প্রতিরোধ করবো। জীবন দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো এদেশে। আইনের শাসন প্রতিষ্ঠা করবো। জীবন দিয়ে হলেও গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করবো। দুর্নীতিবাজদের এদেশ থেকে বিতাড়িত করবো।

তিরি আরও বলেন, পদযাত্রা থেকে মানুষ সরকারকে বার্তা দিয়েছে, ‘শেখ হাসিনা বিদায় হও’। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। এই বার্তা যদি অবৈধ সরকার বুঝতে না পারে, তাহলে তাদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কবরে চলে গেছে। নতুন করে আর কবরে নেওয়ার দরকার নেই।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টলার জনগণ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। পুলিশি তৎপরতা, গ্রেফতার, খুন, মিথ্যা মামলা, গায়েবি মামলা, গুম, নির্যাতন করে বাংলাদেশের মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। যত বেশি হামলা হবে, যত বেশি গ্রেফতার হবে, তত বেশি আন্দোলন জোরদার হবে। বেশি হামলা করলে, বেশি মামলা করলে রাস্তায় নেমে আসবে বেশি মানুষ। বাড়াবাড়ি বেশি করলে দেশের মানুষও তাড়াতাড়ি তাদের সিদ্ধান্ত নেবে।
বিএনপির কর্মসূচিতে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ অসহায় হয়ে পড়েছে বলে দাবি করেন আমীর খসরু। তিনি বলেন, আওয়ামী লীগ পুলিশের পিছে পিছে ঘুরছে। আর ছুরি, লাঠি, দা নিয়ে শান্তি সমাবেশ করছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।
জনতার আওয়াজ/আ আ