জুলাই গণহত্যায় উস্কানিতে ৩২ সাংবাদিক অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যায় উস্কানি দেওয়ায় ৩২ সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের ২০ মন্ত্রী-এমপি, পুলিশ ও সুশীলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে আইনজীবী এমএইচ গাজী তামিম এ অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী-এমপি, পুলিশ ও ৩২ জন সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে।
জানা গেছে, যারা ৩ তারিখ শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি দিয়েছেন এবং টক শো করে গণহত্যার বৈধতা দিয়েছেন অভিযোগে তাদের আসামি করা হয়েছে।
এর আগে, গত ১৪ আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবীর এ আবেদন করেন।
পরে ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান কো-অডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম আবেদনটি দায়ের করেন। আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন সময় নিহতরাও এর আওতায় থাকবে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এছাড়া ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে।
অভিযুক্ত অন্যরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগ সরকারের কতিপয় এমপি-মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত আইজিপি ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
জনতার আওয়াজ/আ আ