জুলাই ঘোষণাপত্র অর্জন, আমরা পূর্ণভাবে ধারণ করি: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই ঘোষণাপত্র ২৪-এর জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই অর্জন, সেকারণে এর আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি। মুক্তিযুদ্ধসহ এদেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।
মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় জোনায়েদ সাকি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে ছিলেন জোনায়েদ সাকি।
তিনি যোগ করেন, কিন্তু এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করা হলে অতীতের মতোই পুরোনো বন্দোবস্ত আবারও ফেরত আসবে, জনগণকে অধিকারহীন করবে।
তিনি উল্লেখ করেন, কাজেই আমরা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, প্রতিটি মানুষ যেনও এক হয়ে জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ায় জাগ্রত পাহারাদার হয়ে থাকেন। ন্যায়বিচার, সংস্কার, নির্বাচনের পথেই যা অর্জিত হবে।
জোনায়েদ সাকি বলেন, সংগঠিত মানুষই ইতিহাসের নির্মাতা, তারা জেগে থাকলে ফ্যাসিবাদ আর ফেরত আসতে পারবে না।
জনতার আওয়াজ/আ আ