জুলাই বিপ্লব ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে কারণ আমরা বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে আন্দোলন করেছিলাম, সেটা এখনো পায়নি, আমাদের আন্দোলন ছিল সুন্দর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন, একটি দল পরিবর্তনের আন্দোলন ছিল না।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের আত্মদান ফ্যাসিবাদ পতনের ক্রীড়াণক। জুলাই সনদ এবং জুলাই ঘোষণা নিয়ে যে টালবাহনা শুরু হয়েছে, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমাদের দাবি আদায় করেই ছাড়ব।
এর আগে, সকাল সাড়ে ১০টায় নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-মূখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
পরে নেতৃবৃন্দ আবু সাঈদের বাড়িতে তার মা-বাবা এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন। এ সময় তারা আবু সাঈদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
কবর জিয়ারতের মাধ্যমেই শুরু হয় তাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা। গাইবান্ধার উদ্দেশে রওনা দেয়। পরে পলাশবাড়ী সাদুল্লাপুর সুন্দরগঞ্জ হয়ে পদযাত্রা যাবে রংপুরে। সেখান থেকে নগরীতে পদযাত্রা শেষে দিনের কর্মসূচি শেষ হবে। পরে কাউনিয়ায় পদযাত্রায় অংশ নিবেন তারা।
জনতার আওয়াজ/আ আ