জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি, তথা আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গণঅভ্যুত্থানে পুলিশের পোশাক পরে যেসব সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে সরকার জুলাই জাতীয় সনদ অনুযায়ী অঙ্গীকারবদ্ধ। এটি ওই সনদের পাঁচ বা ছয় নম্বর দফার অন্তর্ভুক্ত। তিনি বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে এটিও জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ ওই কমিটিতে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, সর্বসম্মতিক্রমে জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটি বিল আকারে সংসদে উপস্থাপন করে পাস করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো আক্রমণ চালিয়ে গণহত্যা সংঘটিত করেছে, জনতার প্রতিরোধের মুখে তাদের কেউ কেউ প্রাণ হারিয়েছে। তিনি উল্লেখ করেন, তখনকার পরিস্থিতি ছিল এক ধরনের রণক্ষেত্রের মতো। সেই প্রেক্ষাপট বিবেচনায় জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্যই অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং এ বিষয়ে দেশব্যাপী জনসমর্থন রয়েছে।

হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। কিছু মামলা আইসিটি আইনে এবং কিছু সাধারণ আইনের অধীনে আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার তদন্ত ও চার্জশিট প্রস্তুতের কাজ চলমান। ইতোমধ্যে কয়েকটি মামলার বিচারকাজ শুরু হয়েছে এবং তা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন, আইনি ও বিচারিক প্রক্রিয়ায় সময় লাগে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা পুলিশের পোশাক পরুক বা যুবলীগ-ছাত্রলীগের সদস্য হোক কিংবা অন্য কোনো বাহিনীর পরিচয়ে থাকুক—সবাই অপরাধী হিসেবে বিবেচিত হবে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। যদি কারও বিরুদ্ধে মামলা না হয়ে থাকে, তাহলে তা দায়ের করার আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ