জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।

সভায় জুলাই আন্দোলনে নিহত আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন- এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার যে উদ্দেশে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন।

শহীদ জাহিদের মা ফাতেমাতুর জোহরা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু, মা’ বলে ডাকতো। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে বলেছিল- জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাবো না। কিন্তু আজ সে-ও আমাকে ছেড়ে চলে গেছে আমি কী নিয়ে বাঁচবো?

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বিএনপির পরিবার যদি আমার পাশে না দাঁড়াতো, তাহলে কোনোভাবেই আমার ছেলের চিকিৎসা করানো সম্ভব হতো না। অনেকেই পাশে দাঁড়ায়নি, কিন্তু বিএনপি আমাদের পাশে ছিল। আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে আমাদের সন্তানদের হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতেই করা হবে।

শেষে তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার পরিবার ও তার মায়ের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ তিনি আমাদের পাশে থাকবেন- এই বিশ্বাস আমার আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ