জেনারেল আজিজ এর অপকর্মের দায় শেখ হাসিনাসহ ডামি আওয়ামী সরকারের: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেনারেল আজিজ এর অপকর্মের দায় শেখ হাসিনাসহ ডামি আওয়ামী সরকারের: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলাদেশের সাবেক সেনা প্রধানের ওপর যুক্তরাষ্টের পররাষ্ট্র দফতরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জেনারেল আজিজ এর অপকর্মের দায় শেখ হাসিনাসহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর’রা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রাইম মিনিষ্টার ম্যান’ খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্টের পররাষ্ট্র দফতরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতি) অস্ত্র। কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।’ পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন। পৃথিবীর সকল সভ্য ও গণতান্ত্রিক দেশে কোন আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরণের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যেকোন দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী-পেশার মানুষরা সবসময় ‘ইমিউনিটি অব নন-কমব্যাটেন্ট’। আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করেন, কারণ আন্দোলনকারীরা সবাই নিরস্ত্র। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। সেখানে অনেককে গ্রেফতার করা হলেও কাউকে গুলি করা হয়নি। ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে আবারো ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারী দলের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশী রায়ে সাজা ও গ্রেফতারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর। ইতোমধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক-কে গ্রেফতার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে। আন্দোলনের গতিকে স্তিমিত করার জন্য আবু আশফাক-কে কারাগারে প্রেরণসহ দেশব্যাপী গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। ডামি সরকার আবু আশফাকদেরকে ভয় পায় বলেই নিপীড়ণ-নির্যাতন ও গ্রেফতারের চক্রান্ত অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ঝলক-কে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের গুন্ডারা বর্বরোচিত হামলা চালিয়ে চাপাতি, হকিস্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ওপর ক্যাম্পাসে হামলা চালিয়েছে ছাত্রলীগের গুন্ডারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির আখ্যা দিয়ে সবুজ বিশ্বাস নামে এক হিন্দু ছাত্রকে ছাত্রলীগের ক্যাডার’র ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক। নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সকল অপকর্মের সাথে এখন জড়িত তারা। রাস্তাঘাট, বাড়ীসহ এদের হাতে মানুষের জীবন অনিরাপদ। শেখ হাসিনার মগের মুল্লুকের ‘মগ দস্যু’ হিসেবে এরা অপহরণ, শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী। এরা নিরাপত্তা ও মানবাধিকারের শত্রুতে পরিণত হয়েছে।

রিজভী বলেন, ‘দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে, আবার ঐ ঋণের অর্থ ক্ষমতাঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না। ইতোমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে, আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানীর জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাদের জন্য ২৬১টি স্পোর্টস ইউটিলিটি ভেইকেল অর্থাৎ এক ধরণের স্টেশান ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন। যার প্রতিটির মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘গত ৭ জানুয়ারী ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল যা উৎকোচ হিসেবেই মানুষ বিবেচনা করেছে। যাইহোক সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতাস্বরুপ এখন তাদের তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অপাঙক্তেয়, শুধুমাত্র ক্ষমতাই আরাধ্য। সরকারের এই নীতি কতৃর্ত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ