জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের ফেরাতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

জাতীয় চার নেতাকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৮০ দিনের মাথায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। গুলি করে ও বেয়নেট বিদ্ধ করে হত্যা করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ও দেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে।
২৯ বছর পর বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর তিনজন পলাতক সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ও ১২ জন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কয়েকজন এখনো পলাতক আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।
সরকার তো বলছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে, আসলে এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি। আশা করি তাদের ফিরিয়ে নিয়ে আসতে পারব।
জনতার আওয়াজ/আ আ