জেলায় পদযাত্রা শেষে আসছে বিএনপির নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপির লিয়াঁজো কমিটির সাথে গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বেলা পৌনে দুইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় চলে তিনটা পর্যন্ত। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
টুকু বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৫ তারিখ আমাদের জেলা পর্যায়ে পদযাত্রা আছে। পরবর্তীতে আমরা কি কর্মসূচি ঘোষণা করবো সে সকল বিষয়ে আলোচনা হয়েছে।’
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না; তবে রাজনীতি করতে পারবেন।’ -আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘সরকার ইচ্ছা করলে বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন।’
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ