জোবাইদা রহমানের মামলা : পলাতকের পক্ষে আবেদন না করতে হাইকোর্টের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জোবাইদা রহমানের মামলা : পলাতকের পক্ষে আবেদন না করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পলাতক আসামির পক্ষে আবেদন না করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে। রোববার বিচারপিত মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ নির্দেশ দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করে ১ জুন আপিল বিভাগের রায় প্রকাশিত হয়। এ রায়ে বলা হয়, আত্মসমর্পণ না করা পর্যন্ত জোবাইদার পক্ষে আদালতে কোনো আবেদনের শুনানি ‘আইনসম্মত’ হবে না। এ রায়ের আলোকে হাইকোর্ট বলছেন, পলাতক আসামির পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। রোববার সকালে একটি মামলায় পলাতক এক আসামির পক্ষে জামিন চাওয়া হয়। আইনজীবীদের উদ্দেশে বিচারপিত নজরুল ইসলাম বলেন, ‘আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেসব আসামি মামলার প্রসিডিংসের বাইরে রয়েছেন কিংবা পলাতক রয়েছেন, তাদের পক্ষে কেউ আবেদন করবেন না। এরপরও যদি কেউ পলাতকদের পক্ষে মামলা নিয়ে আসেন, তাহলে সেই আইনজীবীর বিরুদ্ধে অবমাননার রুল ইস্যু করা হবে।’ এ সময় আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এবং দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের রায়ের কারণে হাইকোট এমন মন্তব্য করেছেন। এক প্রশ্নের জবাবে মানিক বলেন, তারেক রহমানের দুটি এবং জোবাইদা রহমানের একটি আবেদন শুনানির জন্য হাইকোর্টে ছিল। তারা পলাতক আসামি। তাই হাইকোর্টের দৃষ্টিভঙ্গি অনুসারে তাদের আবেদনের পক্ষে কারও দাঁড়ানোর সুযোগ নেই।

এর আগে জোবাইদা রহমানের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে ১৩ এপ্রিল আপিল বিভাগ রায় দেন। ১ জুন এ রায় প্রকাশিত হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে সর্বোচ্চ আদালত জোবাইদাকে পলাতক ঘোষণা করেন।

জুবাইদার আপিলের রায়ের কপি জমা দিল দুদক : ২০০৮ সালে মামলা বাতিলের আবেদনের সময় ডা. জুবাইদা রহমান ‘আইনের দৃষ্টিতে পলাতক ছিলেন’-আপিল বিভাগের এমন রায় হাইকোর্ট বিভাগে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে দুদক আইনজীবী খুরশীদ আলম খান জমা দেন।

খুরশীদ আলম জানান, কাফরুল থানার যে মামলায় জুবাইদা রহমানকে আপিল বিভাগ পলাতক বলছেন, সেই মামলায় এ বেঞ্চে তারেক রহমানের দুটি এবং জুবাইদা রহমানের একটি রিট আবেদনের ওপর রুল শুনানির জন্য দিন ধার্য থাকায় রায়টি জমা দিয়েছি।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে জুবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন। একই সঙ্গে জুবাইদা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন জুবাইদা রহমান। ১৩ এপ্রিল জুবাইদা রহমানের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ১ জুন রায়ের অনুলিপি প্রকাশ পায়। সেই রায়ে জুবাইদা রহমানকে পলাতক বলে উল্লেখ করেন আপিল বিভাগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ