জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতির প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে: শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতির প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

তোমাদের জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতির প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘দায়বদ্ধতা থেকেই প্রকৃত দেশপ্রেমের সূচনা হয়। নিজেদের এমনভাবে গড়ে তোলো যেন তোমরা সম্পদে পরিণত হও এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো।’

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যবিপ্রবির ১৪টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির জন্য আবেদন করা উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করা অপরিহার্য।’

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ও গবেষণার ধারা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির লক্ষ্য নিয়ে যবিপ্রবির এই পদক্ষেপ প্রশংসনীয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ এই স্বীকৃতি অর্জন করবে এবং বৈশ্বিক মানদ-ে যবিপ্রবি নিজের অবস্থান সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির পথে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে এম আনিস উল হক।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ