জ্বালানি তেলের দাম আরও কমবে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

শিগগিরই দেশে জ্বালানি তেলের দাম আরও কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বিশ্ববাজারে তেলের দাম যে হারে কমছে, দায়িত্বের সঙ্গে বলতে পারি দেশে জ্বালানি তেলের দাম শিগগির আরও কমবে।’
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন কেন্দ্র’সিআরপিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমি যেখানে কাজ করি, প্রধানমন্ত্রী আমাকে কাজ করতে দিয়েছেন। নিজের ধ্মনীকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি হাত দিয়ে টন টন বুঝি অর্থনীতির রক্তের প্রবাহ, ডাক্তারের মত। এই মুহূর্তে আমাদের অর্থনীতির প্রেসারের সমস্যা আছে, সাবধান হতে হবে। খরচগুলোকে টেনে ধরতে হবে। আমরা যারা সরকারের কাজ করি, সে ইউএনও হোক, ওসি হোক, অথবা অন্য যারা আছেন, অথবা আমরা মন্ত্রীরা হই, প্রত্যেকের কর্মক্ষেত্রে আমাদের অহেতুক অপচয়, ব্যয় কমাতে হবে।
সিআরপি সম্পর্কে তিনি বলেন, আমাদের জন্য অন্যতম গর্বের বিষয়। অনেক প্রতিষ্ঠান সম্পর্কে নানা ধরনের কথা শোনা যায়, সিআরপি সম্পর্কে আমার দীর্ঘ জীবনে কোন নেতিবাচক মন্তব্য কোন মহল থেকে শুনিনাই। এটা বিশাল একটা সম্মান। আমি সিআরপিকে অভিনন্দন জানাই তাদের নির্মল, ত্যাগী চরিত্রের জন্য।
সাবধানে অগ্রসর হওয়ার ব্যাপারে তিনি বলেন, প্রকল্প গ্রহণে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা সাবধানে এগোচ্ছি। আমরা কাজ বন্ধ করিনাই। বাছাই করব সাবধানে। যে কাজ টা আজকে না করলেও হয়, কালকে করলে হবে, এটাকে আমি অপেক্ষমান রাখব। স্বাস্থ্য, এখানে কোন আপষ নেই। আজকেই করতে হবে। খাদ্য, আপস নেই। শিক্ষা, আপস নেই। সড়ক যোগাযোগ বিদ্যুৎ কোন আপস নেই। কিছু কিছু ক্ষেত্র আছে আপস করা যায়। বললে অনেকে বেজার হবেন, মাইন্ড করবেন। বলবোনা, আপনারা বুঝে নেন।
তিনি আরও বলেন, আমরা গায়ের জোরে কিছু করিনা। এই সরকার, বাংলাদেশ আওয়ামীলীগের সরকার গায়ের জোরে বন্দুকের সরকার নয়। বন্দুক দিয়ে ক্ষমতায় আসেনাই, আসবেও না। জনগণকে কোন নির্দেশ প্রধানমন্ত্রী দেন নাই, জনগণের প্রতি আহবান জানিয়েছেন। আমাদের নির্দেশ দিয়েছেন খরচ কমাবার জন্য। আপনাদের বলছেন, দয়া করে একটু আস্তে যান। একটু কম খরচ করেন। বিদ্যুৎ হোক, পানি হোক, সড়ক হোক।
জ্বালানী তেলের দামের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমছে, আশা করি আমাদের দেশেও আরো কমবে। জ্বালানি তেলের দাম হঠাৎ করে বেশি বৃদ্ধি পাওয়ায় জনগণের অসুবিধাটা হয়েছে, যা সরকার অবহিত আছে। সরকার তেলের দাম ইতিমধ্যে কমিয়েছেন।
এম এ মান্নান আরও বলেন, সরকার শুধু দাম কমায়নি, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন দাম আবারও সমন্বয় করবেন, আরও কমাবেন। আমরা তাকে বিশ্বাস করি, সরকারকে বিশ্বাস করি অবশ্যেই সরকার তেলের দাম কমাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, বিএইচপিআই এর অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওমর আলী সরকারসহ আরও অনেকে।
জনতার আওয়াজ/আ আ