ঝুঁকিতে আছে কতটি ভোটকেন্দ্র, জানালেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসব কেন্দ্রে বাড়তি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোটদান প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইজিপি বাহারুল আলম।
আইজিপি আরও জানান, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশের পক্ষ থেকে বডি ক্যামেরাও ব্যবহার করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী জেলা পুলিশ সুপাররা ড্রোন ক্যামেরার সহায়তাও নেবেন।
আইজিপি বলেন, সরকার এবারের নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবেন, কেন্দ্রের বাইরে মোবাইল টিম টহল দেবে, এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।
নিজের প্রত্যাশা জানিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, “আমরা ইতিহাসে একটি উদাহরণ তৈরি করতে চাই। চাই এই নির্বাচন হোক শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গ্রহণযোগ্য। কতটা সফল হয়েছি, তার মূল্যায়ন করবে দেশবাসী।”
জনতার আওয়াজ/আ আ