ঝুঁকিপূর্ণ ভবনে নোটিশ টাঙাচ্ছে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে হাইকোর্টের নির্দেশ মোতাবেক অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ ভবনের দৃশ্যমান স্থানে নোটিশ টানানো শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে খিলগাঁওয়ের রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সেই দলের সঙ্গে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরাও।
শুরুতে স্কাই ভিউ নাইটেঙ্গল টাওয়ার নামের ৮ তলা রেস্টুরেন্ট ভবন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে তারা দেখতে পান ৩ মিটার সিঁড়ির বদলে সেখানে রয়েছে ৩ ফিট সিঁড়ি। সঙ্গে রয়েছে ছোট্ট একটি লিফট। ভবনটিতে কোনো ফায়ার এক্সটিংগুইসার দেখা যায়নি। অভিযানের খবরে ভবনের দুয়েকটি রেস্টুরেন্ট খোলা থাকলেও বাকিগুলো বন্ধ করে চলে গেছে কর্মীরা। ওপরের রুফটপ ঝুঁকিপূর্ণ থাকায় পুরো ভবনটি সিলগালা করে দিয়েছে অভিযানিক দল।
পরে সেখানে ফায়ার সার্ভিস একটি বড় নোটিশ টানিয়ে দিয়েছে। ওই নোটিশে লেখা রয়েছে, ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী এই ভবনটি অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে অত্যধিক ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’
জনতার আওয়াজ/আ আ