ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হাই এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে ইসি সচিবের কাছে পাঠিয়েছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওই সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করবে, যা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের।
এ ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন; মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করা; ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা, আইন-শৃঙ্খলা বাহিনীতে সদস্য নিয়োগ ও পাসিং আউট কার্যক্রমও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে সভায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দুইটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করার পরিকল্পনা; জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য নজরদারি জোরদার, নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে সতর্ক থাকা, নির্বাচনপূর্ব এবং নির্বাচনকালীন সময়ে সব সংস্থাকে একত্রে নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইসির সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, ‘এটা এখনই বলা সম্ভব নয়। এজন্য কমিশনের সিদ্ধান্ত প্রয়োজন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ