টিআইবিকে গালি দিয়ে দেশে-বিদেশে সরকারের বৈধতা তৈরি হবে না’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কে গালি দিয়ে দেশে-বিদেশে সরকারের বৈধতা তৈরি হবে না।’
আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনে মেহেরবা প্লাজার সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন।
৭ জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।
তারা বলেন, ‘যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে, সেই সংবিধান এই দেশের সংবিধান না। এই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছে তাই করা হচ্ছে সংবিধানের নামে। সেজন্য আওয়ামী লীগ সরকার ভুলেই গেছে যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করে বলে বেড়াচ্ছেন আগামী ৭ দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেবেন। মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদের ডিম ও জুতো ছুঁড়ে মারা যাবে। আর ভোট না দেওয়ার শাস্তি হিসেবে ও ডামি নির্বাচনে অংশ না নেওয়ায় কারণে সরকার দ্রব্যমূল্যের দাম নাকি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছে। জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস। সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
জনতার আওয়াজ/আ আ