টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না : যুবদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াইরত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই হুঁশিয়ারি দিয়েছেন।
বিবৃতিতে মিল্টন বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করার লক্ষ্যে গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে পুলিশ কর্তৃক দুরভিসন্ধিমূলক কল্পিত নির্দেশনার দুর্বল স্ক্রিপ্ট উপস্থাপন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, একটি একতরফা নির্বাচন বাস্তবায়নের জন্য গত ২৮ অক্টোবর পুলিশ লাখো লাখো মানুষের সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে যে রাম রাজত্ব কায়েম করেছিল তা আজও অব্যাহত আছে। সারা বিশ্বের সব গণতান্ত্রিক দেশ ও প্রতিষ্ঠানের প্রতি বৃদ্ধাঙুলি দেখিয়ে জবরদস্তমূলক একতরফা একটি ডামি নির্বাচন করে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে তারা দেশটাকে মিয়ানমারের অবস্থায় নিয়ে যেতে চায়।
যুবদলের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াইরত যুবসমাজের প্রধান সেনাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের যুবসমাজ আজ নেতৃত্ব হাতে তুলে নিয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে।
বিবৃতিতে শফিকুল ইসলাম মিল্টন হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি মনে করেন, দমনপীড়ন, অত্যাচার-নির্যাতন, হত্যা, ষড়যন্ত্র করে পার পেয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করেন। আপনাদের পৃথিবী ছোট হয়ে গেছে। সাবধান হোন, ষড়যন্ত্র বন্ধ করুন, অন্যথায় মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হতেই হবে।
জনতার আওয়াজ/আ আ