টেকসই উন্নয়নে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টেকসই উন্নয়নে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন (গুড ইকোনমিক প্র্যাকটিস) বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, এ কাজে পেশাদার হিসাববিদরা মূল ভূমিকা রাখতে পারেন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, “বিগত দশ মাসে সরকারে কাজ করতে গিয়ে দেখেছি—সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য একটি সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে। যদি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সম্পদের সুষম বণ্টন করা যায়, তাহলে বর্তমান অবস্থান থেকে উত্তরণ সম্ভব। তা না হলে দেশে চোরতন্ত্র (ক্লেপ্টোক্রেসি) তৈরি হবে। এই বলয় থেকে বেরিয়ে আসতেই আমরা নিরলসভাবে কাজ করছি।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি কীভাবে অর্থনৈতিক পরিসংখ্যান (ইকোনমিক রেকর্ড) ম্যানুপুলেট করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসাকে সামনে রেখে এই অর্থপাচার (মানি লন্ডারিং) হয়েছে। দীর্ঘদিনের অনিয়মে বিপুল পরিমাণ ‘ক্রিমিনাল ক্যাপিটাল’ তৈরি হয়েছে, যা ন্যায্য বাজার প্রতিযোগিতাকে (ফেয়ার কম্পিটিশন অব মার্কেট) ধ্বংস করেছে। বর্তমান সরকার এর অবসানে কাজ শুরু করেছে।”

সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্যান্টস (সাফা) দক্ষিণ এশিয়ার হিসাবরক্ষণ পেশাজীবীদের একটি আঞ্চলিক সংগঠন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“Reform. Reskill. Reimagine: The Future of Bangladesh Economy”।

সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর প্রায় ৬ শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, কর্পোরেট নেতা ও ব্যবসায়ী অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, সাফা প্রেসিডেন্ট আসফাক ইউসুফ তোলা, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএবি প্রেসিডেন্ট এন. কে. এ. মুবিন এবং আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সম্মেলনের তিনটি টেকনিক্যাল সেশনে অংশ নেন সার্কভুক্ত দেশের অর্থনীতি, ব্যাংকিং, শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। সেশনে জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন এবং পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় হিসাব পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ