টেবিল ঘড়ি প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে: টিটু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি
ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ভালো মন্তব্য করে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেছেন, দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় এবং প্রচারণায় মানুষের সাড়া দেখে এটুকু বুঝতে পারছি এবার টেবিল ঘড়ি প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
শনিবার (৯ মার্চ) সকাল ৯টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।
ইভিএমে ভোটগ্রহণে ধীর গতি নিয়েসাবেক মেয়র বলেন, অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হচ্ছে। একজন ভোটার ২ থেকে ৩ বার যদি এই বিড়ম্বনায় পড়ে তাহলে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়তে পারে। বিষয়টির ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।
জনতার আওয়াজ/আ আ