ডম্বুর অভিমুখে লং মার্চের রোডম্যাপ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লং মার্চের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে৷ রোডম্যাপ অনুযায়ী আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহবাগ থেকে রওনা করে বিভিন্ন জায়গায় পথসভা পরবর্তীতে বিকেলে বাঁধ অভিমুখে পদযাত্রা করা হবে৷
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। এ সময় তারা ৫ দফা দাবি পেশ করেন।
এতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী। তিনি বলেন, আগামী শুক্রবার সকাল ৯টায় আমরা শাহবাগে জমায়েত হব, আপনারা যারা লংমার্চে অংশ নিতে চান তারা ঠিক সময়ে শাহবাগ জমায়েত হবেন। আমরা ডুম্বুর বাঁধ অভিমুখে যাবার জন্য ১০টি ট্রাক ম্যানেজ করেছি। তবে আমাদের কেউ কেউ নিজস্ব পরিবহনে যারা কথা বলেছে। আবার কেউ চাইলে বাইকের মহড়া নিতে চাইলেও যে কেউ যেতে পারবে৷
তিনি আরও বলেন, আমরা ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি পথসভা করব। পরে জুমার নামাজের পর কুমিল্লার চান্দিনায় পথসভা করা হবে। পরে বিকেল ৪টায় টাউনহলে মহাসমাবেশ করব। মহাসমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে বিবির বাজার সিমান্ত পর্যন্ত পদযাত্রা করা হবে।
ইনকিলাব মঞ্চের ৫ দফা
১. অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
২. জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭-তে অতিসত্বর অনুস্বাক্ষর করা। এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা।
৩. আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া।
৪. ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক পানিবণ্টনে সকল পন্থাকে অন্তর্ভুক্ত করা।
৫. ভারতের সকল অবৈধ বাঁধ উচ্ছেদের দাবীতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভূক্ত করা।
জনতার আওয়াজ/আ আ