ডাকসুতে জয় পেল আলোচিত সেই দম্পতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসুতে জয় পেল আলোচিত সেই দম্পতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দুই পদে জয়ী হয়েছেন আলোচিত সেই দম্পতি রায়হান উদ্দিন ও উম্মে সালমা। তারা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট থেকে নির্বাচন করেছিলেন।

এদের মধ্যে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে জয় পেয়েছেন উম্মে সালমা। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন।

তারা দুজনেই ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পৈতৃক নিবাস বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ায়। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এদিকে, ডাকসুর চূড়ান্ত ফলাফলে ভিপি ও জিএস, এজিএস তিনটি পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ