ডাকসু নির্বাচন: ছাত্রদলের ভোট কম পাওয়ার কারণ কী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের দেওয়া প্যানেল তাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে বলে মন্তব্য করেছিলেন অনেকে। এই প্যানেল ডাকসু নির্বাচনে অনেক ভোটে জয়ী হবে বলেও ভেবেছিলেন নেটিজেনরা। তবে সে আশায় গুড়েবালি দিয়ে পুরো ছাত্র সংসদের নেতৃত্ব দিচ্ছে এখন ইসলামী ছাত্র শিবির। এমনকি ভোটের হিসাবে জগন্নাথ হল ব্যতীত সব জায়গায়ই ভরাডুবি হয়েছে ছাত্রদলের।
যদিও ছাত্রদল বলছে, ভোট কারচুপি হয়েছে এবং তারা নির্বাচন বর্জন করেছে। কিন্তু পর্যবেক্ষক দলের একজন অধ্যাপক গীতি আরা নাসরীন বলেছেন, ‘সব কিছু মিলিয়ে অবশ্যই অভূতপূর্ব নির্বাচন হয়েছে; এই অর্থে যে আমরা অনেকদিন নির্বাচন দেখিনি। ছোট কিছু অসঙ্গতি বা ব্যবস্থাপনার ত্রুটি দেখেছি, তবে আমরা মনে করি না নির্বাচনে বড় কোনও অসঙ্গতি ছিল বা অগ্রহণযোগ্য হওয়ার মতো কোনও ঘটনা ঘটেছে।’
এদিকে ছাত্রদলের এই ভরাডুবিতে সামনে আসছে নানা প্রশ্ন। ছাত্রদলকে কেন শিক্ষার্থীরা ভোট দিতে চায়নি, কারণ কী? এই প্রশ্নের উত্তরে প্রতিবেদকের সঙ্গ কথা হয় একাধিক শিক্ষার্থীর।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল রাফি আখন্দ বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের পালস বুঝতে পারেনি। ৫ আগস্টের পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা কারও চোখ রাঙানি মেনে নেয়নি। আবার শিবির যেভাবে সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, ছাত্রদল তার ধারে-কাছেও ছিল না।’
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘সাংগঠনিক কার্যাবলির সমন্বয়হীনতা, তৃণমূল রাজনৈতিক অস্থিরতা, কর্মীদের সংগঠনিক অদক্ষতা, হলগুলোতে দুর্বল অবস্থান- এসবের কারণে অন্যদের তুলনায় তারা পিছিয়ে গেছে বলে আমি মনে করি।’
দলীয় অর্ন্তকোন্দলকে ছাত্রদল হারার পেছনে দায়ী করছেন আরেক শিক্ষার্থী ইমরান নাজির। তিনি মনে করেন, ‘ছাত্রদল নিজেদের মধ্যে রাজনীতি করেছে। তারা আবিদুল ইসলামকে মাইনাস করতে গিয়ে নিজেদের বিপর্যয় ডেকে এনেছে। তাদের প্ল্যানিংয়ের অভাব ছিল। তারা যদি প্ল্যান অনুযায়ী সব কিছু করতে পারতো বা অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারতো তাহলে আরও বেশি ভোট পেতো।’
ঢাবি শিক্ষার্থী নাজমুস সাকিব আদিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হারার পেছনে বিএনপির তৃণমূল দায়ী। সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল বা বিএনপি নেতাকর্মীরা যে অন্যায়গুলো করেছে সেগুলোর প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পড়েছে। যার কারণে তাদের ভোট কমেছে।’
একাধিক বাম নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু অসঙ্গতি ব্যতীত নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আমরা সেটা মেনে নিয়েছি। তবে ছাত্রদলের ক্ষেত্রে যেটা হয়েছে, অতীতে তাদের একটা বাজে ইতিহাস আছে। তারা হলে পুলিশ ঢুকিয়ে নারীদের নির্যাতন, এক বছরে চাঁদাবাজি-ধর্ষণের খবরও এসেছে। এসব কারণেই হয়তো শিক্ষার্থীরা তাদের প্রতি আকৃষ্ট কম হয়েছে।’
শিক্ষার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসী তামি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও জানি না আমরা ক্যাম্পাসে কতটুকু জনপ্রিয়। কারণ এই নির্বাচন ফেয়ার না। আমরা অনুসন্ধান করছি, শিগগিরই এ বিষয়ে জানাবো।’
জনতার আওয়াজ/আ আ