ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১২, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১২, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকার মিরপুর, বনানী, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার (১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, গ্রেফতারদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এই ছিনতাইকারীরা দুটি টাকার ট্রাংক ভেঙে দুটি চালের বস্তা ও পাঁচটা ব্যাগ টাকা ভর্তি করে। বাকি দুই ট্রাংকের টাকা দেখে তারা ভয় পেয়ে যায়। সঙ্গে কোনো ব্যাগ না থাকায় অবশিষ্ট টাকা ও ট্রাংক রেখে পালিয়ে যায় তারা। এ সময় মাইক্রোবাসের ড্রাইভারের সিটের উপরে একটা খালি ব্যাগ ও পরিধেয় কাপড়চোপড় ফেলে পালিয়ে যায়। এরপর ওই ব্যাগটি মাইক্রোবাসের ড্রাইভার সুস্থ হয়ে নিজ হেফাজতে নেয় এবং ট্রাংক থেকে অবশিষ্ট টাকা ভরে সে তার ভাইয়ের হেফাজতে দেয়।
ডিবি প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী মো. সানোয়ার হাসান (২৮), মো. ইমন ওরফে মিলন (৩৩), মো. আকাশ মাদবর (২৫), সাগর মাদবর (২২), মো. বদরুল আলম (৩৩), মো. মিজানুর রহমান (২০), মো. সনাই মিয়া (২৮) ও এনামুল হক বাদশা (২৬), মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের স্বীকারোক্তি ও প্রদেয় তথ্য মতে বাসা এই টাকা উদ্ধার করা হয়।
জনতার আওয়াজ/আ আ