ডামি নির্বাচন ও সংসদ জনগণ প্রত্যাখ্যান করেছে: গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডামি নির্বাচন ও সংসদ জনগণ প্রত্যাখ্যান করেছে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ডামি নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারি পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সমাবেশ পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।

সমাবেশের শুরুতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন দলের কালোপতাকা মিছিলে পুলিশের বাধা দেয়া, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর মঈন খানকে আটকের নিন্দা জানানো হয়।

বক্তারা বলেন, ৭ তারিখে কোনো নির্বাচন হয় নাই। যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেয়ার আয়োজন। ফলে এই নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠিত হয়েছে সেটাও জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধ সংসদ। ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। বরং যতদিন টিকে থাকবে মানুষের সর্বনাশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে দমন পীড়ন ও নির্যাতন। আজ ডামি সংসদ বাতিলের দাবিতে যে রাজনৈতিক বিক্ষোভসমূহ দমন ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে সরকার।

নেতারা আরও বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে তাদের পোষ্য একচেটিয়াদের লুট ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। ইতোমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে লুটের আয়োজন চলছে। ব্যাংকগুলোকে পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। টাকা ছাপিয়ে লুটের আয়োজন চলছে। একেই সাথে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট না থাকায় বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা দাসত্বের পর্যায়ে পৌঁছে গেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের বিজিবি সদস্যের মৃত্যুতেও তারা জবাবদিহিতা চাইতে পারছে না। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে বর্তমান শেখ হাসিনার সরকার।

সামবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। মঞ্চের নেতৃবৃন্দ পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের সন্নিকটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতারা পুলিশের এই বাড়াবাড়ির নিন্দা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ