ডিসি-এসপিদের নির্বাচনের গুরুত্ব অনুধাবন করতে হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ৮, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ৮, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব অনুধাবন করতে হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদ নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই কোনো না কোনো কারণে চলমান থাকে।
শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়াম এ বৈঠকে লিখিত বক্তব্যে সিইসি এমন গুরুত্বের কথা তুলে ধরেন। জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন উপলক্ষে, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কমিশনের সাথে এ আলোচনা।
জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা— উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, পদাধিকারবলে আপনারা জনগণের সান্নিধ্যে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন। এ সভার উদ্দেশ্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব নির্বাচন বিষয়ে আপনাদের এবং কমিশনের সমন্বিত দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা। আশা করি, কার্যকর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সভা সফল ও ফলপ্রসূ হবে।
তিনি আরও জানান, সামনে বেশ কিছু উপ-নির্বাচন ও জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনে প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জেলা প্রসাশক ও পুলিশ সুপাররা।
এই আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদের দুটি উপ-নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
জনতার আওয়াজ/আ আ