ডিসেম্বর অথবা ২৬'র জুনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসেম্বর অথবা ২৬’র জুনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি


‎চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

‎সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি এ কথা বলেন।

‎‎আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা একটা ধারণা পাই। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে আগামী ডিসেম্বর। আর সংস্কার কার্যক্রম যদি আরেকটু দীর্ঘ করতে দেওয়া হয় সেক্ষেত্রে ২০২৬ সালের জুনে নির্বাচন করা সম্ভব।’

‎স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে এক প্রশ্নে ইসি বলেন, স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয় না। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন আয়োজন করে দিই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কবে হবে, এটা সরকারই সিদ্ধান্ত নেবে। যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা জানতে পারবো।
‎‎
‎বিগত বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ব্যাপারে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি আমরাও আইনের ঊর্ধ্বে নই। কেউ যদি নিজে সুপরিকল্পিতভাবে এবং নিজে সংশ্লিষ্ট থেকে কোনো অপরাধ করে থাকে তাকে আইন আদালতের সামনে যেতে হতেই পারে। এটা নির্বাচন কমিশনের বিষয় নয়, আইন আদালতের বিষয়।

‎এসময় রোহিঙ্গা ইস্যুতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রকৃত নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেইসঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

‎এর আগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

‎রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ