ড. মোশাররফ রাষ্ট্রপতি হচ্ছেন এ গুঞ্জনে দাউদকান্দি আনন্দের হাওয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. মোশাররফ রাষ্ট্রপতি হচ্ছেন এ গুঞ্জনে দাউদকান্দি আনন্দের হাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান । সেই সঙ্গে আলোচনায় রয়েছেন কারা আসছেন মন্ত্রিসভায়, কে হচ্ছেন রাষ্ট্রপতি।

কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হচ্ছেন- এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও বেশ কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়েছে। আর এই গুঞ্জনে দাউদকান্দিজুড়ে বইছে আনন্দের হাওয়া।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেন টানা পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তিন বার মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভাপতিও নির্বাচিত হন।

রাজনৈতিক কারণে কয়েকবার কারাবরণ থেকে শুরু করে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েও বিএনপি ছেড়ে যাননি। দুঃসময়ে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার শুভাকাঙ্ক্ষী ও কুমিল্লা-১ নির্বাচনি এলাকার সাধারণ জনগণ মনে করেন- রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

ফেসবুকে সাংবাদিক সফিকুল লেখেন, ‘কুমিল্লার গর্ব দাউদকান্দির কৃতি সন্তান ড.খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হচ্ছেন’!

এমডি আলম মিয়া লেখেন, ‘রাষ্ট্রনায়ক তারেক রহমান নিশ্চয়ই প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন। শেষ বয়সে এটাই তার জন্য দলের সম্মান’।

হাজী মোয়াজ্জম হোসেন লেখেন, ‘ড. মোশাররফ রাষ্ট্রপতি হচ্ছেন এমন গুঞ্জনে দাউদকান্দিতে বইছে আনন্দের হাওয়া। সফল এই মানুষটার শেষ বয়সের সেরা অর্জন হবে এটা’।

অনলাইন পোর্টাল কুমিল্লা নিউজ টুয়েন্টিফোর লেখে, ‘প্রবীণ নেতা ড, খন্দকার মোশাররফ হোসেন হচ্ছেন আগামীর রাষ্ট্রপতি’।

এই বিষয়ে ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি রাষ্ট্রপতি হওয়া এটা দলের বা আমাদের পার্টির চেয়ারম্যানের বিষয়। তারা কিভাবে আমাকে মূল্যায়ন করবেন এটা দলের সিদ্ধান্ত। তবে যে কোনো দায়িত্ব আমি সততার সঙ্গে পালন করতে প্রস্তুত আছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ