ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, দূতাবাস উদ্বোধন বিকেলে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর বনানীতে তিনি আজ বিকেলে দেশটির মিশন উদ্বোধন করবেন, যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সান্তিয়াগো। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, বনানীতে আর্জেন্টিনার মিশন উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ডিপ্লোমেটিক কোরের প্রধানসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও উপস্থিত থাকার কথা রয়েছে।
মিশন উদ্বোধন করার পর এই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ