ঢাকায় আসছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

ঢাকায় আসছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’।
ঢাকায় আসার উদ্দেশ্যে ইতোমধ্যে ব্যাগপত্র গুছিয়ে ফেলেছেন শ্রীলেখা। আজ বুধবার সকালে ভাঁজ করা কাপড়ভর্তি ব্যাগের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। শ্রীলেখা লিখেছেন, ‘আমার শিকড় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’
উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে রচিত হয়েছে শ্রীলেখার সিনেমার গল্প। তাতে মধ্য বয়সী গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জানুয়ারি ঢাকায় আসবেন শ্রীলেখা। এরপর ১৬ জানুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রদর্শনী। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা। একই মিলনায়তনে ২১ জানুয়ারি বেলা ১টায় হবে সিনেমাটির দ্বিতীয় প্রদর্শনী।
‘এবং ছাদ’ সিনেমাটি শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ। এর আগে ‘বেটার হাফ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি।
জনতার আওয়াজ/আ আ