ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনারের বাসায় জাপা নেতারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের আমন্ত্রণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। বুধবার বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের হাইকমিশনারের বারিধারার বাসভবনে যান।
তাঁর সঙ্গে ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা। জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএম কাদেরকে স্বাগত জানান হাইকমিশনার। তাঁরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর টম বার্গি।
জাপা মহাসচিব সমকালকে বলেছেন, ‘সৌজন্য সাক্ষাত ছিল। হাই হ্যালো হয়েছে।’
রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা- প্রশ্নে মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সববিষয়েই কথা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু বা বলার মতো আলোচনা হয়নি।’
উন্নয়নের গণতন্ত্রের নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে
এদিকে বুধবার বনানীতে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে জিএম কাদের বলেছেন, কেউ কেউ ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, ‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।’
আসলে উন্নয়নের গণতন্ত্র বলে কিছু নেই। এর নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে। নির্বাচনই গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা অসম্ভব। গণতন্ত্র নিশ্চিত হলে উন্নয়ন নিশ্চিত হবে।
এ অনুষ্ঠানে জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন ডাঃ মঞ্জুর এ খোদা। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ