ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশ চলছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২০, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২০, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশ চলছে। আজ শনিবার বেলা ৩টার দিকে মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে এ জনসমাবেশ শুরু হয়।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
দুপুরে পর সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মতিঝিল ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে জনসমাবেশস্থল।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বেে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। ইতোমধ্যে বিএনপির শীর্ষ নেতারা মঞ্চে আসন গ্রহণ করেছেন।
সমাবেশকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, চার দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১০ বিভাগের ১৮ জেলায় আজ এ জনসমাবেশ করছে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ