ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি: স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিশ্ব পানি দিবসের আলোচনায় ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আলোচনা সভায় তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সেদিন চিফ হুইপ বললেন, সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে।’
দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে। আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি, তা সব জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।
ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণে জোর দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল।
সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ-বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখা যাচ্ছে।
জনতার আওয়াজ/আ আ