ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ সেশনের অনার্স (সন্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ (শুক্রবার) থেকে। রাজধানী ঢাকাতে একযোগে বিভিন্ন কেন্দ্রে ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা হয়েছে। সারা দেশ থেকে আগত ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সরকারী সাত কলেজের মধ্য রয়েছে ১. ঢাকা কলেজ ২. সরকারি তিতুমীর কলেজ ৩. ইডেন মহিলা কলেজ ৪. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ৫. কবি নজরুল কলেজ ৬. শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ৭. সরকারি বাঙলা কলেজ।
সারা দেশ থেকে আগত শিক্ষার্থীদের সহায়তার জন্য ছিল বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ পরিষদ। এসব পরিষদ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ বিভিন্ন আসবাবপত্র নিরাপদে রাখার কাজ করছিলো। তাছাড়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও তাদের মাঝে বিনামূল্যে পানি, মাস্ক ও কলম বিতরণ করছিলো।
প্রচন্ড রোদের মধ্য অভিভাবকরা বাইরে অপেক্ষা করছিলেন।তাদের চোখে মুখে প্রার্থনার ছাপ লক্ষ্য করা যায়।পরীক্ষা শুরু হয় সকাল ১১ টায়। শেষ হয় ১২ টায়। পরীক্ষা কেমন হয়েছে এ বিষয়ে জানতে চাইলে একজন ভর্তিচ্ছু পরীক্ষা বাধন বিশ্বাস বলেন, ‘পরীক্ষায় প্রশ্ন অনেক সহজ ছিলো ও হলের পরিবেশ অনেক সুন্দর ছিলো। সবমিলিয়ে আশাবাদী।’
সাত কলেজের ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় এবার আবেদন করেছিলো মোট ১ লাখ ১ হাজার ২৯ জন শিক্ষার্থী। মোট আসন সংখ্যা ২৩ হাজার ৪৯০ টি। তিন ইউনিটের মধ্য বিজ্ঞান ইউনিটে আবেদন করেছিল ৩৮ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী, ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে আবেদন করেছিলো ৩৭ হাজার ২৮২ জন ও ‘ব্যাবসা শিক্ষা’ ইউনিটে আবেদন করেছিলো ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আজ ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (শনিবার) বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে এবং আগামী ২৪ জুন ব্যাবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ