ঢাবি ভিসি-প্রক্টরকে চৌকিদার নাকি হোটেল ম্যানেজার বলব, প্রশ্ন রিজভীর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবি ভিসি-প্রক্টরকে চৌকিদার নাকি হোটেল ম্যানেজার বলব, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ( ভিসি) এবং প্রক্টরকে চৌকিদার না হোটেলের ম্যানেজার বলবো এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির যে অ্যাকাডেমিক টোন, সেই টোনকে নষ্ট-ধ্বংস করেছে, ভিসি আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘গত পরশুদিন ছাত্রদল একটা প্রেস কনফারেন্স করেছে। আমি বিএনপির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বক্তব্য দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। আমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রক্টরকে চাকর বাকর বলেছি। তো আমি আর কি বলতে পারি? চৌকিদার বলব নাকি হোটেলের ম্যানেজার বলবো?’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি; এখানে স্যার এফ রহমান, বজলুল হানিফ চৌধুরী, শামসুল হক, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ ভাইস চ্যান্সেলর ছিলেন। উনারা শিক্ষক ছিলেন। কোন ছাত্র কোন দল করে, এটা তাদের কাছে বড় বিষয় ছিল না। বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাডেমিক টোন সেই টোনকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, ঢাবির ভিসি আখতারুজ্জামান।

মুন্সিগঞ্জের পুলিশ সুপারকে শেখ হাসিনার আদর্শ সন্তান মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজ দেখেন মুন্সিগঞ্জের এসপি সেটাও শেখ হাসিনার আদর্শ সন্তান অনর্গল মিথ্যা কথা বলে। পুলিশ গুলি করে হত্যা করেছে শাওনকে তার ডেট সার্টিফিকেটে লেখা আছে ‘মেসিব হেড ইনজুরি ডিউ টু গান শট’। এসপি বললেন, ইটের আঘাতে মারা গেছে। কিসের জন্য নিজের অপরাধ ঢাকতে চান এসপি সাহেব? ঢেকে লাভ নাই।’

রিজভী বলেন, ‘বিদায়ী আইজিপিকে নিয়ে একটা সার্কুলার দেয়া হয়েছে। তাকে নাকি নিরাপত্তা দেয়া হবে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, সাবেক আইজি’কে আপনি কেন নিরাপত্তা দিবেন? আপনি তাকে দিয়ে কি অন্যায় করিয়েছেন যে অবসরের পরও নিরাপত্তা দিতে হবে? এর আগের আইজি’কে তো নিরাপত্তা দেননি। তাহলে এই অবসরের পরে কেন এই আইজি’কে নিরাপত্তা দিচ্ছেন? এগুলোর অনেক অর্থ অনেক বিষয় জানা যাবে। কারণ অনেক গুম হওয়া পরিবারের কান্না, অনেক ক্রসফায়ারের কান্না এখানে নিহিত আছে।’

তিনি আরও বলেন, ‘গত পরশু দিন ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ফাঁদের মধ্যে ফেলে ছাত্রলীগ দিয়ে পিটিয়েছে। আমি তার নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

এ সময় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় ছাত্র সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ