তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৭ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।
জনতার আওয়াজ/আ আ