তিতুমীর কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিতুমীর কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি তিতুমীর কলেজের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা।

মঙ্গলবার (১৮ মার্চ) মহাখালীর সিনেমন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে তিতুমীর কলেজের প্রায় সকল সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন বলেন, তিতুমীর কলেজ ছাত্রশিবির কলেজের সকল ছাত্রসংগঠনকে একত্রিত করতে পেরেছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামীতে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে এবং তাদের নিয়ে শিক্ষার্থীদের যে বিভিন্ন মনোভাব রয়েছে, তা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি আলফে সানি বলেন, আমরা সবসময় কলেজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। রমজান মাসের মহিমাকে কেন্দ্র করে আয়োজিত ইফতার মাহফিল সম্প্রীতির অনন্য উদাহরণ। আজকের ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। সকলের অংশগ্রহণ প্রমাণ করে, ভিন্ন মতাদর্শের হলেও আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং একসাথে কাজ করতে আগ্রহী।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এস. আই. সায়েম বলেন, আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আজ আমরা এই বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের জন্য মীর নিসার আলী তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, মজনু শাহসহ অনেকেই যুদ্ধ করেছেন। তাদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল বাংলাদেশের মধ্যে সুবিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ইফতার মাহফিলে ছাত্রদল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাদে সকল সংগঠন উপস্থিত ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ