তিন দিনের ছুটিতে রাজধানীতে তিনটি বড় সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন দিনের ছুটিতে রাজধানীতে তিনটি বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
টানা তিন দিনের সরকারি ছুটি আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে। এই ছুটিকে ঘিরে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে বড় পরিসরে জনসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আয়োজিত এ সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন।

পরদিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত সমাবেশে ১০ থেকে ১৫ হাজার লোকের উপস্থিতির আশা প্রকাশ করেছে এনসিপি।

হেফাজতে ইসলামের মহাসমাবেশ

ছুটির শেষ দিন শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাস ধরে প্রস্তুতি নেওয়া এই কর্মসূচিতে সংগঠনটির প্রধান দাবি-নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। একই সঙ্গে ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ঘটনাগুলোতে নিহতদের হত্যাকাণ্ডের বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি উত্থাপন করা হবে।

এছাড়া ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদও জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ