দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপসের কথাবার্তা গুন্ডাদের মত: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কথাবার্তা গুন্ডাদের মত বলে মন্তব্য করেছেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ফজলে নূর তাপসের উদ্দেশ্যে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তাপস বলেছেন, “৫ তারিখে বরিশালে বিএনপির সমাবেশ হবে। সেখানে আমার মামাতো ভাই আছে সেই যথেষ্ট বিএনপির সমাবেশ ঠেকাতে।” তাপস আপনাকে বলতে চাই, আপনি তো ব্যারিস্টারি পাস করেছেন। কিন্তু আপনার কথাবার্তা গুন্ডাদের মত। এই শেখ পরিবারে কি একটা ভদ্র ও ভালো লোক নেই? এরা শুধু বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিপীড়ন, নির্যাতন, রক্তাক্ত করে। একটা ভালো লোকও আওয়ামী লীগে নেই ।’
বুধবার ২ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মীনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির সমাবেশে মানুষ উপচে পড়ছে বলে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সমাবেশগুলোতে মানুষ উপচে পড়ছে। তারা (আওয়ামী লীগ) জনগণকে বাধা দেওয়ার জন্য, রাস্তা বাস ট্রাক সব বন্ধ করে দিয়েছে কিন্তু জনগণ সাইকেলে করে, নদী সাঁতরিয়ে জনসমাবেশে উপস্থিত হয়েছে। আর এইটা দেখে শেখ হাসিনা হিংসা করছে। যে তারেক রহমান নামে এত মামলা দিলাম তারপরও তার কথায় দেশের জনগণ এত শুনে কেন।’
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একটা চিকন গাছের ডালের উপর বসে আছেন। যেকোনো সময় সেই গাছটা ভেঙে পড়ে যাবে। এই ভয় থেকেই তিনি তারেক রহমান এবং তার সহধর্মীনি জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে।’
বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শহিদুল ইসলাম সাবেক আইজি ছিলেন। তিনি সম্প্রতি একটা বই লিখেছেন,সেই বইতে লিখেছেন- “দেশে অনেক জঙ্গি নিধন করা হয়েছে। শ্যামলীর জঙ্গি নিধন করার পরে প্রধানমন্ত্রীর কাছে গেলাম, প্রধানমন্ত্রী বললেন এত তাড়াতাড়ি নাটক করার কি দরকার ছিল।” আমরা আগেও বলেছি আওয়ামী লীগ জঙ্গি নিয়ে নাটক করছে। আইজি প্রধানমন্ত্রীর কাছের লোক ছিলেন। তিনি এসব লিখছেন। মিথ্যা কখনো চাপা থাকে না একদিন না একদিন প্রকাশ পায়।’
এসময় রুহুল কবির রিজভী তারেক রহমান ও তার সহধর্মিনীর বিরুদ্ধে মামলা করায় তীব্র ঘৃণা প্রকাশ করে বলেন, ‘তারেক রহমান ও তার সহধর্মিনীর বিরুদ্ধে মামলা করায় তীব্র ঘৃণা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী আপনার এই ঘৃণ্য চক্রান্তের কারণে বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গ সংগঠন প্রতিবাদে প্রতিরোধে ফুসে উঠেছে। তারা রাজপথ দখল করে ছাড়বে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ