দাফনের ১২দিন পর মাইশা’র মরদেহ উত্তোলন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার (৫) হাতের আঙুলের অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় করা মামলায় দাফনের ১২ দিন পর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামে পারিবারিক কবস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকার রূপনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নয়ন দাশ, কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্টেট রেদওয়ান ইসলাম, স্থানীয় কমিশনার জমসেদ আলী টুংকু ও মাইশার পরিবারসহ এলাকাবাসী।
মাইশার বাবা মোজাফফর হোসেন বলেন, ‘আমার মেয়েকে ওরা হত্যা করেছে। মেয়ের মরদেহ গোসলের সময় দেখতে পাই পেটে ২০টি সেলাই। আমি নিশ্চিত ওরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি মামলা করেছি। আমার মেয়ে হত্যার বিচার চাই।’
তদন্ত কর্মকর্তা নয়ন দাশ বলেন, ‘আদালতের আদেশের কপি পাওয়ার পর ময়নাতদন্তের স্বার্থে কবর থেকে মাইশার মরদেহ উত্তোলন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আদালত সম্মতি দিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার মাইশার মরদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্টেট মো. রেদওয়ান ইসলাম বলেন, ‘মাইশার বাবার দেয়া মামলার প্রেক্ষিতে আজকে লাশ উত্তোলন করা হল। ময়নাতদন্তের পর যে রিপোর্ট আসলে সেই রিপোর্ট দেওয়া হবে।’
উল্লেখ্য, শিশু মাইশার বাড়ি কুড়িগ্রাম সদরের পৌর এলাকার ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামে। সাড়ে চার বছর আগে ৯ মাস বয়সে চুলার আগুনে মাইশার ডান হাতের আঙুল পুড়ে কুঁকড়ে যায়। গত ৩০ নভেম্বর ঢাকার মিরপুরের ‘রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতাল’-এ মাইশার আগুনে পোড়া হাতের আঙুলের অস্ত্রোপচার করার সময় শিশুটির মৃত্যু হয়।
পরে সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রাম ফিরে আসেন তার বাবা-মা। আঙুলের অপারেশন করতে গিয়ে পেট কাটার ফলে মাইমার মৃত্যু হয়। পরিবারের দাবি মাইশাকে হত্যা করে কিডনি, ভাল্ব বের করে নিয়েছে অভিযুক্ত চিকিৎসকরা।
জনতার আওয়াজ/আ আ