দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : টুকু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ কী বলল তা দেখার বিষয় নয়, বরং আওয়ামী লীগ কী হরণ করেছে সেটি আদায় করার আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোট চোর সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের হারিয়ে যাওয়া অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এর আগে রংপুর বিভাগের আট জেলার বিভিন্নস্থান থেকে দলীয় নেতাকর্মীরা সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে এসে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
বেলা ১১টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক এমপি হারুনুর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, মাহফুজুন্নবী ডনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দলের যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুন উর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশন হচ্ছে ভোট চোরের গডফাদার। কমিশন ভেঙে দিয়ে নির্দলীয়, নিরপেক্ষ কমিশন গঠন করে মানুষের অধিকার আদায়ের নির্বাচন করতে হবে। গণতন্ত্র হত্যাকারী সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।’
এদিকে বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর কাচারিবাজার, বঙ্গবন্ধু ম্যুরালসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছিল। সতর্ক অবস্থা ছিল পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘আমরা কঠোর অবস্থায় ছিলাম। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জনতার আওয়াজ/আ আ