দাম বাড়লে, আমরা ছোটখাটো মজুতদার হয়ে যাই : দীপু মনি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাম বাড়লে, আমরা ছোটখাটো মজুতদার হয়ে যাই : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

‘পৃথিবীর অন্যান্য দেশে কোনো জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কিনে বা বর্জন করে। আর আমাদের দেশে দাম বাড়লে সেই জিনিস কিনে কিনে বাসায় জমাই। তখন আমরাই বাড়িতে ছোটখাটো মজুতদার হয়ে যাই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে শেখ রাসেল পৌর মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, ‘কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা তরমুজের দাম বাড়িয়ে দেয়। আমরা যদি ঠিক করি যে, আমরা সাত দিন কিংবা ১০ দিন সারা দেশে একটা মানুষও তরমুজ খাব না। ওই ব্যবসায়ীর সব তরমুজ পচে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কী করি? দাম বাড়লে আরও বেশি কিনি। যত বেশি কিনি সেই অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার মানেই হচ্ছে মানুষের সরকার, জনমানুষের সরকার, জনবান্ধব সরকার। এটি ঠিক যে আজকে আমরা দেখছি, রোজার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী যারা নিত্যপণ্যের জিনিসের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়ার চেষ্টা করছে। এসব অসাধু ব্যবসায়ীকে নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিচ্ছে। এই সময়ে মানুষ যাতে একটু স্বস্তিতে থাকে সেজন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।’

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকেন। কেননা, বঙ্গবন্ধু মানুষের আদর্শের রাজনীতি করতেন। তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। কীভাবে এ দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক মুক্তি মিলবে। কীভাবে এ দেশের মানুষ ভালো থাকবে-সুখে থাকবে সেই চেষ্টা করতেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি করছেন।’

বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ