‘দাম শুনলেই তো খাওয়ার শখ মিটে যায়’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

মাঝবয়সী দিনমজুর আব্বাস উদ্দিন। থাকেন চট্টগ্রাম নগরের খাজা রোড এলাকার একটি ভাড়া বাসায়। আজ সোমবার সকালে বাজার করতে এসেছিলেন নগরের বহদ্দারহাট বাজারে। সবজি কেনা শেষে মুরগির মাংসের বাজারে ঢুকতেই বিবর্ণ হয়ে আসে তাঁর মুখ। দোকানগুলো ঘুরে ব্রয়লার মুরগির দাম জিজ্ঞেস করছিলেন তিনি। তখন কথা হয় তাঁর সঙ্গে।
‘কীভাবে বাজার করব বলেন, দাম শুনলেই তো খাওয়ার শখ মিটে যায়। যেখানে প্রতিদিন আয় ৫০০-৭০০ টাকা, সেখানে ২০০ টাকা কেজি মুরগি খাওয়া যায়?’—আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন আব্বাস উদ্দিন। তিনি জানান, রাজমিস্ত্রির কাজ করে তাঁর সংসার চলে। গত তিন দিন টানা কাজ করেছেন। আজ বাজার করতে হবে তাই কাজে যাননি। কিন্তু বাজার করতে এসে চিন্তায় পড়েছেন। কারণ, জিনিসপত্রের বাড়তি দাম।
জনতার আওয়াজ/আ আ